Wednesday, August 12

ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে ডিবি

ঢাকা : বুধবার দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সংবাদ সম্মেলনে ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম – ছবি : সংগৃহিত

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আমরা আশাবাদী, অচিরেই আসামিদের ধরতে পারব। তিনি বলেন, ঢাকা মহানগরে সংঘটিত প্রায় সব ঘটনারই ডিবি সফলভাবে তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করেছে। সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাটিও উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

জানা গেছে, ডিএল পেট্রল পাম্পের মালিকানার সঙ্গে যুক্ত তাসীন আক্তার হক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন ও সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।

গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়।

এ ঘটনায় পেট্রল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে।

পেট্রল পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ডিএল পেট্রল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়া হতো। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবস রবিবার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়।

হামিম-১২/ডিএসই-৮