সাভার : মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন চারতলা ভবনটি ঘিরে রেখেছে পুলিশের স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ-ডিএমপি) ও থানা পুলিশ।
রাত ১১.৩৫ পর্যন্ত সেখানে অভিযান চলছিল। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি এসএসইউ ও পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শ্যামপুর এলাকার জলাবদ্ধ একটি সড়ক লাগোয়া ওই ভবনটি ঘিরে রেখেছেন এসএসইউর সদস্যরা। সঙ্গে বোম ডিসপোজাল ইউনিট ও থানা পুলিশও রয়েছে। এ সময় নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে সাংবাদিকসহ অন্য লোকজনকে বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেমায়েতপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করে এসএসইউ। গ্রেফতারকৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে শ্যামপুর এলাকার ওই বাড়িটিতে অভিযান চালায় এসএসইউ ও বোম্ব ডিসপোজাল ইউনিট।’
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে গ্রেফতার ব্যক্তিকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে ধারণা করা হচ্ছে। ওই বাড়িটি থেকে জেএমবির বেশ কিছু লিফলেট এবং কয়েকটি ককটেলসদৃশ বস্তু এবং বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে নিয়ে অভিযান চলছে।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’
কানিজ-১২/ডিএসই-৮
