Tuesday, August 11

যুবদলের চঞ্চলের সশস্ত্র হামলায় ঢাকা কলেজ ছাত্রদলের ১৫ জন হাসপাতালে

ঢাকা : নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব চঞ্চলের নেতৃত্বে রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদা তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ শাখার ছাত্রদলের কয়েকজন সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

আহত ও প্রত্যক্ষদর্শীদের মতে সন্ধ্যায় বলাকা সিনেমা হলের সামনে বিভিন্ন দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলার অভিযোগ ওঠে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব চঞ্চলের অনুসারী সোহেল ও আজিম ওরফে ‘গুন্ডা আজিমের’ বিরুদ্ধে। খবর পেয়ে ঢাকা কলেজের ছাত্রদলের কয়েকজন সেখানে গিয়ে চাঁদা তুলতে বাধা দেন।

খবর পেয়ে যুবদল নেতা চঞ্চল সেখানে ছুরি চাপাতি সহ ৩০/৪০ জন অনুসারী নিয়ে এলে কথা-কাটাকাটির এক পর্যায়ে সে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

হামলায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব আল হাসান ও মুশফিকুর রহমান আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা কলেজের আহত শিক্ষার্থী সুমন সিকদার জানান, বিকেলে ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে নিউমার্কেট এলাকায় কয়েকজনকে দোকানদার ও ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা তুলতে দেখা যায়। এতে বাধা দিলে তারা প্রথমে আমাদের সঙ্গে গালাগালি ও বাকবিতণ্ডায় জড়ায়। এর ১০–১৫ মিনিট পর নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব চঞ্চলের নেতৃত্বে ৫০–৬০ জন লাঠিসোঁটা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমরা ১৫ জন গুরুতর আহত হয়েছি। আহতদের মধ্যে ১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকীরা পপুলার হাসপাতালে ভর্তি রয়েছেন। আত্মরক্ষার সময় আমার ডান হাতে কোপ লাগে।

চঞ্চলের বিরুদ্ধে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর দাবি, এলাকার কয়েক শ দোকান থেকে প্রতিদিন তার নেতৃত্বে চাঁদা তোলা হয়।

রেজা-১২/ডিএসই-৮