
ঢাকা : প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার (১৮ আগষ্ট) জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছে।
রোববার প্রসিকিউশন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশে ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) প্রধান অতিরিক্ত আইজিপির কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রেড নোটিশ জারির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে।
তিনি বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক কোনো আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার জন্য এটি প্রথম উদ্যোগ।
আমিনুল বলেন, আমরা জানতে পেরেছি, জেনারেল (অব.) আজিজ আহমেদ যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। আমরা বিশ্বাস করি, ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারব এবং বিদেশে অবস্থানরত অন্যান্য আসামিদের দেশে ফিরিয়ে আনতেও পরবর্তীতে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সম্প্রতি ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেই ৩০ জন পলাতক আসামির মধ্যে আজিজ আহমেদও রয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, ২০১৩ সালের ৫ ও ৬ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ এবং নারায়ণগঞ্জে সংঘটিত ঘটনায় অন্তত ৫৮ জন নিহত হন।
হামিম-১৮/ডিএসই-৮
