কলম ও কিবোর্ডে লেখা : স্নায়বিক গবেষণা
বিশেষ প্রতিনিধি : নরওয়ের স্নায়ুবিজ্ঞানী অড্রে ভ্যান ডার মির কিছু শিক্ষার্থীদের মাথায় উচ্চ-ঘনত্বের EEG ক্যাপ পরিয়ে দুটি কাজ করতে বলেছিলেন। প্রথমে কলম দিয়ে হাতে লিখতে, তারপর কিবোর্ডে টাইপ করতে। ফলাফল ছিল তাৎক্ষণিক এবং উল্লেখযোগ্য।
হাতে লেখার সময় মস্তিষ্কের বিভিন্ন অংশে একই সঙ্গে সমন্বিতভাবে স্নায়বিক কার্যকলাপ বেড়ে যায়। স্মৃতিশক্তি, ইন্দ্রিয়গত তথ্যের সমন্বয় এবং শেখার সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের কেন্দ্রগুলো একযোগে সক্রিয় হয়ে ওঠে। মস্তিষ্ক তখন পূর্ণমাত্রায় কাজ করে। অন্যদিকে, টাইপ করার সময় মস্তিষ্কে প্রায় কোনো উল্লেখযোগ্য কার্যকলাপই দেখা যায়নি।
কারণ, টাইপ করার ক্ষেত্রে বারবার একই ধরনের কী চাপতে হয়। এতে স্থানিক সমস্যা সমাধানের মতো দক্ষতার তেমন প্রয়োজন হয় না। শিক্ষার্থীরা যখন একই শব্দ হুবহু টাইপ করেছিল, তখন মস্তিষ্কের জটিল জ্ঞানীয় নেটওয়ার্কের সক্রিয়তা কমে গিয়েছিল।
...
