Wednesday, July 29

নরমাল ডেলিভারির জন্য লেবার রুম বাধ্যতামূলক, নির্ধারিত সময়ের পর লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপন করতে হবে৷ নির্ধারিত সময়ের মধ্যে লেবার রুম স্থাপন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে স্বাস্থ্যসেবা খাতে এমন একটি মুনাফাকেন্দ্রিক গোষ্ঠী গড়ে উঠেছে, যারা মানুষের কল্যাণের চেয়ে অর্থ উপার্জনকেই বেশি গুরুত্ব দেয়। এর প্রভাব প্রসূতি সেবাতেও পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একসময় দেশে অধিকাংশ সন্তানই স্বাভাবিকভাবে জন্ম নিত। তখন আধুনিক ক্লিনিক বা সিজারিয়ান প্রসবের প্রচলন ছিল না। গ্রামাঞ্চলে প্রশিক্ষিত না হলেও অভিজ্ঞ ধাত্রীরা প্রসব করাতেন। সময়ের সঙ্গে দেশের স্বাস্থ্যসেবা উন্নত হয়েছে কিন্তু সেই উন্নয়নের সুযোগে অপ্রয়োজনীয় সিজারিয়ানের প্রবণতাও বেড়েছে।

মন্ত্রী বলেন, গর্ভাবস্থায় শেষের দিকে রোগীদের অযথা ভয় দেখানো হয়। বিভিন্ন জটিলতার কথা তুলে ধরে বলা হয়, অপারেশন না করলে মা কিংবা শিশুর জীবন ঝুঁকিতে পড়বে। এ অবস্থায় পরিবারের সদস্যরা ঝুঁকি নিতে চান না এবং সিজারিয়ান করাতে বাধ্য হন।

তিনি বলেন, ‘ স্বাস্থ্যের ক্ষেত্রে আল্লাহর পরে মানুষের সবচেয়ে বড় অভিভাবক হচ্ছেন চিকিৎসক। কিন্তু সেই নির্ভরতার জায়গায় তাদের নৈতিকতার ঘাটতি আছে৷ এতে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি স্পষ্ট নির্দেশ দিচ্ছি, আগামী শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে লেবার রুম চালু করতে হবে। যারা এই নির্দেশনা মানবে না, তাদের লাইসেন্স বাতিল করা হবে।’

কানিজ-ফৌজিয়া/২০/ডিএসই