Tuesday, September 15

রাশিয়া ও উত্তর কোরিয়া সীমান্তে প্রথম সড়ক সেতু উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার রাশিয়া ও উত্তর কোরিয়া তাদের অভিন্ন সীমান্তে প্রথম সড়ক সেতু উদ্বোধন করেছে। রুশ কর্মকর্তারা এই উদ্যোগকে দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
তুমেন নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১ কিলোমিটার (০.৬ মাইল)। এতে দুই লেনে প্রতিদিন সর্বোচ্চ ৩০০টি যানবাহন চলাচল করতে পারবে বলে রুশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে।

ভিডিও সংযোগের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেন, “আমি নিশ্চিত যে সীমান্তবর্তী অঞ্চলে পরিবহন অবকাঠামোর সম্প্রসারণ রাশিয়া ও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সহযোগিতার আরও বিকাশে শক্তিশালী গতি সঞ্চার করবে।”

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক ও বিভিন্ন বিনিময় কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সমর্থন দিতে উত্তর কোরিয়া রাশিয়াকে গোলাবারুদ ও সেনাসদস্য সরবরাহ করছে।

২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে মহামারি-পরবর্তী বিধিনিষেধ শিথিল করার মধ্যেই উত্তর কোরিয়ায় রুশ পর্যটকদের প্রবেশও শুরু হয়েছে।
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ইতোমধ্যেই একটি রেলসেতু ও বিমান যোগাযোগ রয়েছে। এর পাশাপাশি, তুমেন নদীর ওপর যানবাহন চলাচলের জন্য একটি সড়ক সেতু নির্মাণে দুই দেশ ২০২৪ সালে সম্মত হয়।

নদীটি উত্তর কোরিয়ার রাশিয়া ও চীনের সঙ্গে সীমান্তের একটি অংশজুড়ে প্রবাহিত। সেতুটির নির্মাণকাজ শুরু হয় গত বছর।

হামিম-০৮/ডিএসই-৯