Tuesday, September 15

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত

ছবি : জাতীয় সংসদ

সংসদ : আজ (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভাগসমূহের কার্যাবলী সম্পর্কে প্রতিবেদন পেশ করা হয়। বৈঠকে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটির সদস্য ও কমিটির সংশ্লিষ্ট মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রকল্পসমূহের বাস্তবায়নে কমিটির তৎপরতার গুরুত্ব অনেক বেশি। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মন্ত্রণালয়কে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সভাপতি তার বক্তব্যে জনগণের প্রতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে স্থায়ী কমিটি দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোঃ শওকতুল ইসলাম, মোসাঃ ফরিদা ইয়াসমিন, মোঃ সাইফুল আলম এবং মোঃ রাশেদুল ইসলাম রাশেদ অংশগ্রহণ করেন।

পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, পরিকল্পনা বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিববৃন্দ, বিপিপিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

কানিজ-০৮/ডিএসই-৯