আহমদ ছফার “বুদ্ধিবৃত্তিক নতুন বিন্যাস” এবং বুদ্ধিজীবিদের বিরক্তি
সোহরাব হোসেন
আহমদ ছফা
আহমদ ছফাকে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী-লেখকের স্বাভাবিকভাবে গ্রহণ করতে ভীষণ কষ্ট হয়। তাঁর প্রসঙ্গ এড়িয়ে যেতে পারলে যেনো বেঁচে যান তাঁরা। আহমদ ছফার আলোচিত একটি গ্রন্থ ’বুদ্ধিবৃত্তিক নতুন বিন্যাস’। তবে কোনো এক রহস্যজনক কারণে ছফার ‘বাঙালি মুসলমানের মন’সহ অন্যান্য গ্রন্থগুলো নিয়ে যতোটা আলোচনা হয়, এই গ্রন্থটি নিয়ে তেমন একটা আলোচনা হয় না। ১৯৭২ সালে লেখা এই গ্রন্থটির সর্বশেষ সংস্করণের (১৯৯৭) ভূমিকায় অবশ্য রহস্যের অনেকটা জট খুলে দিয়েছেন আহমদ ছফা নিজেই:
মাঝে মাঝে এমন চিন্তাও আমার মনে আসে, লেখাটি যদি না লিখতাম, হয়তো আমার জীবন অন্য রকম হতে পারতো। এই লেখার জন্যই আমাদের দেশের মধ্যবিত্ত শ্রেণীভূক্ত এক শ্রেণীর বুদ্ধিজীবীর রোষ আমাকে পেছন থেকে অভিশাপের মতো তাড়া করেছে। অদ্যাবধি আমি জীবনে স্বস্তি কি বস্তু তার সন্ধান পাইনি। আগামীতে কোনোদিন পাবো, সে ভরসাই করিনে। তথা...
