
ময়মনসিংহ : বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে ডাকাতদল ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে সামনেই তার মাকে (৩২) সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।
এ ঘটনায় থানা পুলিশ এক জনকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩), আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২) ও মোফাজ্জলের ছেলে রাজিব (২৩), নূরুল ছেলে এনামুল (২২) এলাকায় চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত। এই পাঁচ জন সশস্ত্র যুবক একই এলাকার প্রবাসীর বাড়িতে প্রবেশ করে প্রবাসীর ছেলেকে ধরে ঘরের দরজার কাছেই একটি গাছে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের খরচ বাবদ আলমারিতে রাখা নগদ পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিপত্র লুটে নিয়ে ছেলের গলায় চাপাতি ধরে তার মাকে দরজার সামনে এনে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং দলের সদস্য রাজিব ভিডিও ধারণ করে।
ডাকাতদল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে অভিযানে বের হয়। পরে শুক্রবার বিকালে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নির্জন স্থানে অভিযুক্তদের ঘেরাও করে। অভিযুক্ত চার জন পালিয়ে গেলেও রাজিবকে পুলিশ আটক করে। ধর্ষণের ভিডিও ধারণ করা মোবাইলটি রাজিব পানিতে ফেলে দিলে থানা পুলিশ পানি থেকে মোবাইলটি উদ্ধার করে।
গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান শেখ জানান, এ ঘটনায় রাজিবকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আইনের আওতায় আনা হবে।
কানিজ-১৮/ডিএসই-৯
