Tuesday, September 15

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক

মোঃ আমানউল্লাহ আমান, এমপি’র সভাপতিত্বে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক -ছবি: জাতীয় সংসদ

সংসদ : আজ (১৫ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি মোঃ আমানউল্লাহ আমান, এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পরিচিতি পর্বের পর মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার বিষয়েও মত প্রকাশ করা হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর/সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলে অতীতের ১৭ বছরের বিভিন্ন গ্লানি থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করা হয়।

বৈঠকে বলা হয়, গত দুই বছরে রাজনীতিতে গালিগালাজের সংস্কৃতি চালু হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সুরক্ষা দিতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আলোচনায় জাতীয় প্রেস ক্লাবের প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রেস ক্লাবের অডিটোরিয়ামটি আরও সুন্দর ও আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ব‍্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মোঃ আশরাফ উদ্দিন, মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, মোঃ মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মোঃ শফিকুল ইসলাম এবং মোসাঃ নাজমুন নাহার অংশগ্রহণ করেন।

তাছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রেজা-১৫/ডিএসই-৯