
আন্তর্জাতিক ডেস্ক : সোমবার প্রকাশ্যে দিনের বেলায় নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আকষ্মিক ছুরি হামলায় ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্টি নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা ব্যাংকটি জানিয়েছে, এরিন পিয়াচেন্টি ব্যাংক অব আমেরিকার (বিওএফএ) বিজনেস সিলেকশন ও কনফ্লিক্টস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
রয়টার্স জানায়, হামলার ঘটনার পর মিডটাউন ম্যানহ্যাটন এলাকার রাস্তায় যান চলাচল থমকে যায় আর আকাশচুম্বি ভবনগুলোর মাঝ দিয়ে জরুরি পরিষেবার গাড়িগুলোর ভিড় জমে যায়।
মঙ্গলবার রয়টার্সকে পাঠানো এক ইমেইল বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ব্যাংকটি বলেছে, “আমাদের সহকর্মীকে হারিয়ে আমরা হতবাক ও গভীরভাবে শোকাহত। তিনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন যার অভাব আমরা ভীষণভাবে অনুভব করবো। তার পরিবার ও স্বজনদের প্রতি আমাদের সমবেদনা রইল।”
নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই ছুরি হামলায় ৬৮ বছর বয়সী এক ব্যক্তিও আহত হয়েছেন, তবে তার অবস্থা স্থিতিশীল আছে। পুলিশ তার নাম প্রকাশ করেনি।
নগরীর পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার বিকাল প্রায় ৪টা ২৪ মিনিটের দিকে ওয়েস্ট ৪২ স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউয়ের কাছে হামলার ঘটনাটি ঘটে। বিনা কারণে আকস্মিকভাবে হামলাটি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে এসে পামেলা সিসনেরোস (৪৯) নামের এক নারীকে দেখতে পায়। পামেলা দুই হাতে দুটি ছুরি উচিয়ে ধরে পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে আসতে থাকলে কর্মকর্তারা তাকে গুলি করেন, পরে তার মৃত্যু হয়।
কমিশনার টিশ জানিয়েছেন, পামেলার মানসিক অসুস্থতার নথিবদ্ধ ইতিহাস আছে।
গত কয়েক বছরে নিউ ইয়র্ক শহরে এ ধরনের বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ড সত্ত্বেও সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, নিউ ইয়র্কে অপরাধের সংখ্যা হ্রাস পাচ্ছে। পুলিশ জানিয়েছে, গত মাসে নগরীটিতে সবচেয়ে কম সংখ্যক গুলির ঘটনা ঘটেছে।
হামিম-০২/ডিএসই-৯
