
রংপুর : রোববার (২৩ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল মাবুদ জানান,নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় দুই মামাতো ভাইকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তার দুইজন হলেন একই এলাকার বাসিন্দা মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস।
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বর্ণনায় পুলিশ কমিশনার জানায়, মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন। এসময় গণপতি তাদের দেখে ফেললে নিজেদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় প্রথমে তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এরপর সিঁড়িতে তার স্ত্রী প্রতিলতা চক্রবর্তীকেও একইভাবে হত্যা করে তারা। পরে মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তির গলায় কাপড় ও রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। সবশেষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়ুশ চক্রবর্তী প্রিয়মকেও শ্বাসরোধে হত্যা করে ঘাতকরা।
শুধু তাই নয়, চারজনকে হত্যার পরও ওই বাড়িতে রাত কাটায় দুই ঘাতক। পরদিন সকালে গোসল ও খাওয়া শেষে স্বর্ণালঙ্কার নিয়ে পাশের একটি পরিত্যক্ত জায়গায় মাটির নিচে পুঁতে রাখে তারা।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় নগরীর মাছুয়াপাড়া এলাকার তালাবদ্ধ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তি ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ।
হামিম-২৩/ডিএসই-৮
