Thursday, September 3

সড়ক ও বাঁধের সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কারিগরি কমিটি

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠক – ছবি: পিএমও

ঢাকা : সোমবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠকে সড়ক ও বাঁধের সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কারিগরি কমিটি গঠন করেছে সরকার।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, বৈঠকে বিন্নি ঘাস কোন কোন প্রকল্পে ব্যবহার করা যেতে পারে তা বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ কমিটি সব কিছু পর্যালোচনা করবে।

বৈঠকে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী সামনে এ ঘাসের উপযোগিতা বিস্তারিত তুলে ধরা হয়।

বৈঠকে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে বাঁধ ভাঙন মোকাবেলায় বিন্না ঘাসের ব্যবহার হচ্ছে। বিন্না ঘাসের লম্বা মূল বা শিকড় খুব দ্রুত মাটির গভীরে প্রবেশ করে এবং মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। প্রচণ্ড ঠান্ডা ও তীব্র গরমসহ প্রতিকূল পরিবেশেও এ ঘাস বেঁচে থাকতে পারে। পানিতে ডুবে থাকলেও এটি পচে না এবং লবণাক্ত পানিতেও টিকে থাকতে পারে।

বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ ঘাসের ব্যবহার বিষয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে উপ প্রেস সচিব জানিয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বৈঠকে উপস্থিত ছিলেন।

রেজা-১৬/ডিএসই-৮