Thursday, September 3

পরবর্তী অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা : সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ৩১ মার্চ। এ পরিবর্তনের আগে ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে নয় মাসে, অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে শেষ করা হবে।

এতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত হিসাব করা হয়। সরকারের বিবেচনায়, জুলাই ও আগস্ট মাসে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় বর্ষার কারণে উন্নয়ন কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।

মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ করা হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম শেষ করার সুযোগ তৈরি হবে। এ কারণে নতুন সময়কালকে যুক্তিযুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছে।

অর্থবছরের সময়কাল পরিবর্তনের পরবর্তী কর্মপন্থা নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।

এ পরিবর্তনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং ‘জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। পাশাপাশি অর্থবছর পরিবর্তনের সঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন সিস্টেমে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কানিজ-১৭/ডিএসই-৮