Wednesday, July 29

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ঋষি সুনাক বৃটিশ প্রধানমন্ত্রী

ঋষি সুনাক, তার স্ত্রী অক্ষতা মূর্তি এবং দুই মেয়ে

প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর পেনি মর্ডান্টও কনজারভেটিভ পার্টির নেতৃত্বের সম্ভাব্য লড়াই থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলটির নেতা নির্বাচিত হয়েছেন তিনি।

ইতিহাস সৃষ্টি করে যুক্তরাজ্যের প্রথম এশিয়ান এবং এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মাত্র ৪২ বছর বয়সে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রীও হচ্ছেন সুনাক। তার প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট সোমবার এক বিবৃতিতে নাম প্রত্যহারের ঘোষণা দেন।

এর পরপরই কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির প্রধান গ্রাহাম ব্রাডি বলেন, সুনাক হচ্ছেন দলের নতুন নেতা এবং নির্বাচিত প্রধানমন্ত্রী। মঙ্গলবার সুনাককে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

সুনাক টোরি (কনজারভেটিভ) এমপি’দের অর্ধেকেরও বেশি জনের সমর্থন পেয়েছেন। অন্যদিকে, পেনি মর্ডান্ট এমপি’দের কাছ থেকে প্রয়োজনীয় ১০০ সমর্থন জোগাড় করতে না পেরে প্রতিযোগিতা থেকে সরে যান। এক বিবৃতিতে সুনাককে পূর্ণ সমর্থন দেন তিনি।

বিবৃতিতে মর্ডান্ট বলেন, “এই সিদ্ধান্ত ঐতিহাসিক। এর মধ্য দিয়ে আবারও আমাদের দলের বৈচিত্র্য এবং প্রজ্ঞার বহিঃপ্রকাশ ঘটেছে। ঋষির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে।

সুনাককে সবচেয়ে ধনী এমপি’দের একজন বলেই মনে করা হয়। সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি হচ্ছেন, ভারতীয় ধনকুবের নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির মেয়ে। ২০০৯ সালে ক্যালিফোর্নিয়ায় অক্ষতার সঙ্গে প্রথম দেখা হয় সুনাকের। পরবর্তীতে তারা বিয়ে করেন। তাদের দুই মেয়ে আছে। দ্য সানডে টাইমসের ধনীর তালিকার হিসাবমতে, সুনাক এবং অক্ষতা ৭৩ কোটি পাউন্ড সম্পত্তির মালিক।

বিবিসি/২৮/ডিএসই