Wednesday, July 29

‘শকুনের দোয়ায় গরু মরে না, বিএনপির দোয়ায়ও সরকারের পতন হবে না’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করে বিএনপি গলার জোরে কথা বলছে এবং জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শুক্রবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এ অভিযোগ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি প্রসঙ্গে বিএনপির মহাসচিবের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেছেন, ‘সৃষ্ট এ সংকটে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চলমান সংকট) তাহলে কি বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রীই পদত্যাগ করবেন?’

‘বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। এ সংকট আমাদের সৃষ্ট না হলেও তার প্রভাব বাংলাদেশের ওপর পড়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী বছর থেকে বিশ্বমন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক। এর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দূরদর্শী বলেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন এবং বেশি করে খাদ্য উৎপাদনের কথা বলেছেন।’

আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির মহাসচিব তাদের হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে এমনটা বলছেন।’

তিনি বলেন, ‘শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনই বিএনপির দোয়ায়ও সরকারের পতন হবে না।’

সিরাজুল-আলম/২১/ডিএসই