Tuesday, September 15

পুলিশের চাঁদাবাজির অভিযোগে ব্যাটারিচালিত রিকশা চালকদের পুলিশ বক্সে হামলা

পুলিশ বক্সে হামলা চালায় ব্যাটারিচালিত রিকশার চালকরা

রাজধানীর মিরপুরে কয়েকটি পুলিশ বক্সে হামলা চালিয়েছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। এ সময় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

কেন হামলা চালিয়েছেন জানতে চাইলে সালাউদ্দিন নামে একজন ব্যাটারিচালিত রিকশার চালক অভিযোগ করে বলেন, পুলিশ প্রত্যেক গ্যারেজ থেকে প্রতি সপ্তাহে টাকা নেয়, কারো কাছ থেকে মাসে নেয়, তারপরও রাস্তায় বের হলে ধরে। আর ধরলেই ১২০০ টাকার নিচে ছাড়ে না। সংবাদ প্রতিনিধিকে তারা বলেন, সত্যতা জানতে আপনি যেকোন অটোরিকশা চালককে জিজ্ঞেস করে দেখেন।

পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) ইলিয়াস হোসেন হামলা প্রসংগে বলেন, মূল সড়কে যেন ব্যাটারিচালিত রিকশা না চলে, সেজন্য শুক্রবার সকাল ১০টার দিকে অভিযান চালাচ্ছিল পুলিশ। এ সময় চালকরা ক্ষুব্ধ হয়ে পুলিশ বক্সে হামলা করে।

জানা গেছে, সকালে পল্লবীতে দুটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে রিকশাচালকরা ক্ষুব্ধ হয়ে আশপাশে থাকা পুলিশ বক্সে হামলা করে। এ সময় মিজানুর রহমান নামের কনস্টেবল আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সাগর-রায়হান/২৯/ডিএসই