Wednesday, July 29

বিএনপির মহাসমাবেশকে ঘিরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কানায় কানায় পূর্ণ

মিছিল সহ নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন

শনিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় বিএনপির ময়মনসিংহের বিভাগীয় মহাসমাবেশ শুরু হবে। তবে গতকাল রাত থেকেই নেতা-কর্মীরা দূরদূরান্ত থেকে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যেই ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে।

মহাসমাবেশ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয় সেই ব্যাপারে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। গতরাত থেকে নগরীর বিভিন্ন সড়কে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। সকাল থেকে সমাবেশ স্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু অনেক মানুষে উপস্থিতি থাকবে তাই সবার নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যাবস্থা। তবে সমাবেশে কেউ বিশৃঙ্খলা করলে বা নাশকতা করার চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না।

সমাবেশে কমপক্ষে কয়েক লাখ মানুষের সমাবেশ ঘটিয়ে বিএনপি তাদের বড় সাংগঠনিক শক্তির প্রমাণ দেওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সমাবেশে আয়োজন সমন্বয় কমিটির আহবায়ক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি আরো বলেন, পলিটেকনিক মাঠে পুলিশের অনুমতি নিয়ে মহাসমাবেশ করা হচ্ছে। এটি হবে শান্তিপূর্ণ কর্মসূচি। নেতা-কর্মীদের সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি কোনো সহিংসতার চেষ্টা করলে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা নগরীর কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন। 

ইমরান/১৯/ডিএসই