Wednesday, July 29

জালিয়াতি প্রমানিত হওয়ায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র স্থগিত

ইসি’র সিসিটিভি ক্যামেরায় ভোট জালিয়াতি প্রমানিত

বুধবার (১২ অক্টোবর) সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা গোপন কক্ষে অবৈধভাবে প্রবেশ করে ভোট দিতে দেখেছি। তাই ভোটকেন্দ্র বন্ধ করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল অ্যাকশন হিসেবে আমরা কেন্দ্র বন্ধ করেছি। এখন চাকরিবিধি অনুযায়ী বা অন্য বিধি অনুযায়ী কী অ্যাকশন নেবো তা পরবর্তীতে দেখবো। আমরা টেলিফোনে এসপি, ডিসি, রিটার্নিং অফিসারকে বলেছি, যে আমরা এখান থেকে সিসি ক্যামেরায় সব দেখতে পেয়েছি। তাই কেন্দ্র বন্ধ করা হয়েছে।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমত কাজ করছে কিনা, তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। ইভিএমেরও কোনো ত্রুটি দেখতে পাচ্ছি না।

উল্লেখ্য, বুধবার সকাল ৮টা থেকে গাইবান্ধা-৫ ফুলছড়ি সাঘাটা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।  সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৪৫টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। ১৪২ কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। এর মধ্যে সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার ৭টিসহ মোট ১৭টি ইউনিয়ন নিয়ে মিলে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেখানে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন।

রউফুল-সরকার/২১/ডিএসই