Wednesday, July 29

ঢাকা দক্ষিনের খাল উন্নয়নে ৮৯৯ কোটি টাকার প্রকল্প

একনেক সভা (ছবি পিআইডি)

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি’ শীর্ষক ৮৯৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পায়। এর আওতায় রয়েছে কালুনগর, জিরানী, মান্ডা ও শ্যামপুর খাল।

ঢাকা দক্ষিণ সিটির চারটি খালের সংস্কার করে জলাবদ্ধতা দূর করার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রকল্পটি অনুমোদন করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, রাজধানীর চারটি খালের প্রায় ২০ কিলোমিটার এলাকা এ প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হবে।

“বর্তমানে খালগুলো অবিশ্বাস্য রকমের ময়লা… খালের ওপর বাড়ি, ময়লা আবর্জনার স্তূপ বানিয়ে রেখেছে। দুর্গন্ধের জন্য কাছে যাওয়া যাচ্ছে না। এছাড়াও বিপুল পরিমাণ পলি অপসারণ করে পাড় রক্ষায় বিশেষ কাঠামো তৈরি করে সবুজায়ন করা হবে।”

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, রাজধানীর এই চার খালের আশপাশের বাসিন্দাদের সুযোগ সুবিধা বাড়াতে ৩৮ কিলোমিটার খালপাড়ে ৮ ফুট উঁচু দৃষ্টি নন্দন সুরক্ষা বেষ্টনী, ৩৬টি পদচারী সেতু ও গাড়ি চলাচলের ১৯টি সেতু নির্মাণ করা হবে।

এছাড়া এ প্রকল্পের মাধ্যমে ৩২ কিলোমিটার ওয়াকওয়ে, বাইসাইকেল লেইন, ১০টি পাবলিক টয়লেট ও ৭৭১টি নান্দনিক বাতি স্থাপন করা হবে।

এই প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ৬২৯ কোটি ১১ লাখ টাকা এবং বাকি ২৬৯ কোটি ৬২ লাখ টাকা দক্ষিণ সিটি যোগান দেবে।

সিরাজুল-ইসলাম/২৩/ডিএসই