Wednesday, July 29

‘যারা নিজের দেশের স্বার্থের কথাটা ভুলে যায়, তারা সমালোচনা করে কোন মুখে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ছবি সংগৃহিত )

সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় ভারত সফরে দু’দেশের মধ্যে হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকসহ বিস্তারিত জানান প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাবও দেন তিনি।

বিএনপির শাসনামলে ভারত সফরে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নানা সিদ্ধান্ত এবং গঙ্গার পানি নিয়ে কথা বলতে ভুলে যাওয়ার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা ভুললেও আওয়ামী লীগ ভুলে না।  

শেখ হাসিনা বলেন, ‘কুশিয়ারার নদীর পানি নিয়ে যারা সমালোচনা করেছে, যে কতটুকু পানি আনলো! আমরা যে সমঝোতা স্মারকটা সই করলাম। এর ফলে পুরো সিলেট বিভাগ বিশেষ করে সিলেটের গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ বিয়ানীবাজার, কানাইঘাট, সিলেট সদর, জকিগঞ্জ উপজেলা ৫৩ হাজার ৪২০ হেক্টর বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন হবে। মোট ১৬ হাজার ৬’শ হেক্টর অর্থাৎ ৫ হাজার ৬’শ হেক্টর রহিমপুর পাম্প হাউজের মাধ্যমে সেচ প্রদান করা সম্ভব হবে। এই এত জমি চাষের আওতায় এসে ফসল দেবে। এই ফসল কিন্তু আমাদের দেশের মানুষের কাজে লাগবে। এটা নিয়ে যারা সমালোচনা করে তারা কী এনেছে?  

আমাদের ছয় ঋতুর দেশ। দুই মাস পর পর ঋতুও বদলায়, মনটাও বদলে যায়। খালেদা জিয়া যখন ভারত সফরে গেল…সেখানে তারা আদর-আপ্যায়নও কম করেনি…কিন্তু ফিরে এসে কী বললো? গঙ্গা পানির কথা বলতে ভুলেই গিয়েছিলাম। এইতো উত্তর ছিলো? অর্থাৎ গঙ্গার পানিতে বাংলাদেশের যে অধিকার আছে, সেই অধিকারের কথাটা বলতেই ভুলে গিয়েছিলেন। যারা সেখানে গিয়ে নিজের দেশের স্বার্থের কথাটা ভুলে যায়, তারা সমালোচনা করে কোন মুখে।’

রেজা/২১/ডিএসই