
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০ তম বৈঠকে কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, বিদেশের শান্তিরক্ষা মিশনগুলো ঘুরে দেখতে চান প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সুবিদ আলী ভূঁইয়া বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিদেশে বিভিন্ন মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করছেন। সংসদীয় কমিটি বিদেশে বিভিন্ন মিশনে নিয়োজিত বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের কার্যক্রম পরিদর্শন করলে তাদের সুযোগ, সুবিধা এবং সমস্যাগুলো নির্ধারণ করা সহজতর হবে। পরিদর্শনের ক্ষেত্রে শুধুমাত্র জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই।
তিনি বলেন, কুয়েত পুনর্গঠন (ওকেপি) এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের দেখতে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
কমিটির সদস্য নাসির উদ্দিন বলেন, কমিটির ৭ম বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক কুয়েত পুনর্গঠন কাজে নিয়োজিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম প্রথমে কুয়েত, এরপর যথাক্রমে দক্ষিণ সুদান ও লেবাননে সরেজমিন পরিদর্শনের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মোতাহার হোসেন, নাসির উদ্দিন, মহিবুবুর রহমান এবং বেগম নাহিদ ইজাহার খান অংশ নেন।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের ডিজি উপস্থিত ছিলেন।
তপু/৩৪/ডিএসই
