Wednesday, July 29

রাজধানীতে বাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

পোস্তগোলা ব্রিজের ঢালে গ্রিনলাইন বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

রাজধানীতে মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের ঢালে গ্রিনলাইন বাসের ধাক্কায় মো. সাইফুল ইসলাম (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন লাশ মর্গে রাখা আছে এবং শ্যামপুর থানাকে জানানো হয়েছে।

নিহতের ছোট ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি গ্রামের বাড়ি থেকে বড় ভাই সাইফুলের জন্য খাবার নিয়ে পোস্তগোলা নামি। সেখান থেকে আবার নারায়ণগঞ্জ যাবো। আমার সঙ্গে দেখা করতে ভাই মিরপুর থেকে পোস্তগোলায় আসেন। পোস্তগোলা ঢাল দিয়ে রাস্তা পার হওয়ার সময় গ্রিনলাইনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

সাইফুল মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামের মো. ওয়াজেদ মোল্লার ছেলে। তিনি মিরপুর এক নম্বর সেকশনে পরিবার নিয়ে থাকতেন।

সদরুল/১০/ডিএসই