Wednesday, July 29

‘প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, সময় আর বেশি নাই’ – মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনিকে দুপুর ১২ টায় যশোর শহরের বেজপাড়ায় হত্যা করার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘অবৈধ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার প্রবল বাসনায় বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে ধারাবাহিকভাবে হত্যা, নির্যাতন ও চাপাতি দিয়ে কোপানোর কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের প্রত্যক্ষ মদদে তাদের পালিত সন্ত্রাসীরা বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের একের পর এক হত্যা করছে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনিকে নির্মমভাবে হত্যা তারই একটি নারকীয় উদাহরণ মাত্র।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতার শেষ সময়ে এসে তারা এখন মরণ কামড় দিচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। তাই সহিংস রক্তপাতের মধ্য দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মাটিতে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। সময় আর বেশি নাই। এই সরকারের পতন অবশ্যম্ভাবী।’

ডেস্ক-রিপোর্ট/২৯/ডিএসই