
কর্মকর্তা-কর্মচারীদের পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়
আজ মঙ্গলবার (১২ জুলাই) থেকে ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান। এ দিন উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও খোশ গল্প করতে দেখা গেছে।
এবার ঈদুল আজহার ছুটি তিন দিনের হলেও একদিন শনিবার গেছে সাপ্তাহিক ছুটির মধ্যে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারসহ এবার ঈদুল আজহার ছুটি কাটানো গেছে মূলত চার দিন। ছুটি শেষ হয়েছে মঙ্গলবার।
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার (২২ জুলাই) যথারীতি খুলেছে সরকারের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সকাল ১০টার পর থেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে গিয়ে দেখা যায়, অধিকাংশ মন্ত্রণালয় ও বিভাগের লাইট বন্ধ, কলাপসিবল গেটে তালা। যে কয়টি দফতর খুলেছে সেসব দফতরে উপস্থিতির হার খুবই কম।
মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে ঘুরে দেখা গেছে, এ বিভাগের অধিকাংশ দফতর খোলা রয়েছে। তবে উপস্থিতির হার খুবই কম। জেলা প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত মাঠ প্রশাসন অধিশাখায় কাজ করছেন সংশ্লিষ্টরা। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম হজে গেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেখা গেছে, প্রতিমন্ত্রীর দফতর, সচিবের দফতর খোলা রয়েছে। প্রয়োজনীয় কাজ করছেন উপস্থিত কর্মকর্তারা।
প্রথম দিন অফিস করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
ডা. এনামুর রহমান ও বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তারা সবাই কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিয়ম করেছেন।
তথ্য অধিদফতর কার্যক্রম চালু রয়েছে। তথ্য অধিদফতরের নিউজ রুম সারা বছরই খোলা থাকে। এখানে ঈদের দিনও পিআইডির নিউজ রুমে রোস্টার অনুযায়ী কর্মকর্তা কর্মচারীরা কাজ করেন। এখনও করছেন সেভাবে।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ অফিস করছেন। তার দফতরের কর্মকর্তরা-কর্মচারীদের কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। সচিবালয় ক্লিনিক খোলা রয়েছে। সেখানে কাজ করতে দেখা গেছে চিকিৎসক, নার্সসহ সশ্লিষ্ট কর্মচারীদের। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষও খোলা রয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম খোলা রয়েছে।
গোলাম-রসুল/০২/ডিএসই
