
ঢাকা : অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুকে মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন চিত্রনায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরী।
নীলা চৌধুরী বলেন, ‘ডিপজলকেও ডাকা দরকার। সে (ডন) যে দেশ ছাড়ছে, সেটা তো সে জানত। অপরাধী মনে না করলে তো সে ধরিয়ে দিত না। ইমনকে (সালমান শাহ) যখন হত্যা করা হয়, তখন তো ডিপজলরা নিয়মিত কাজ করছিলেন। সিনেমার অনেক ঘটনাই তো তাদের জানা ছিল। সে তো আগের পরের অনেক কিছুই জানতে পারে। যে কারণে ভালো-মন্দ যা-ই হোক, সে কিছু জানতে পারে। আমার প্রশ্ন, যদি কিছু জেনে থাকে, তাহলে সেটা সাক্ষী হয়ে কথা বলুক। এটা তো মামলার জন্য সহায়তা করা হয়।
শুধু ডিপজল নয়, মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরের নামও উল্লেখ করেছেন তিনি।
নীলা বলেন, ‘যেদিন ইমনকে হত্যা করা হয়, সেদিন ডলি জহুরও তো ঘটনা সম্পর্কে অনেক কিছু জানত। ওই দিন কী কী হয়েছিল, সেই সম্পর্কে বিভিন্ন সময় ডলি জহুর গণমাধ্যমে কথা বলেছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। সামিরার সঙ্গে তার কতটা যোগাযোগ ছিল, বের করা দরকার।’
নীলা চৌধুরী বলেন, ‘ডলি জহুর, বাদল খন্দকার – এরা অনেক কিছু জানে। তাদের দায়িত্ব সত্যটা প্রকাশ করা। প্রয়োজন মনে করলে এদের মধ্যেও আমি আসামিও করতে পারি। ডলি জহুর আসামি হতে পারে। এদের অনেকেই সালমান শাহকে বিরক্ত করেছে।’
উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করা হয়। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
মুরাদ-২১/ডিএসই-৮
