
ঢাকা : সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন আব্দুল মঈন খান। এর আগে এই দায়িত্বে ছিলেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আন্দালিভ রহমান পার্থ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এই দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন। তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে।
রশিদুজ্জামান মিল্লাত বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন। আর মন্ত্রীর দায়িত্বে থাকা আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে গত ১ জুন পদত্যাগ করেছিলেন দীপেন দেওয়ান।
আর মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার কথা রয়েছে। এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে। এই মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন ড. খলিলুর রহমান। আর প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়েদ।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, নতুন করে মন্ত্রণালয় বণ্টনের বিষয়ে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে।
১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। সেদিন প্রধানমন্ত্রীসহ ৪৮ মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।
এছাড়া, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় ৫ জন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় ৫ জন বিভিন্ন দায়িত্ব পালন করছেন।
কানিজ-২১/ডিএসই-৮
