
রাষ্ট্রীয় সফরে দিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আসছে জাতীয় নির্বাচন। এসময় প্রায় তিন বছর পর রাষ্ট্রীয় সফরে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে এই সফরেও যে বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তি দিনের আলো দেখছে না, তা স্পষ্ট। দুই পক্ষের শীর্ষ কর্মকর্তারাই একান্ত আলোচনায় স্বীকার করেছেন, তিস্তা চুক্তির জট এই সফরেই খুলে যাবে এতটা আশা করা উচিত হবে না। তাই বলে সফরের অর্জন কম হবে এটা ভাবারও কোনও কারণ নেই বলেও জানিয়েছেন তারা।
দিল্লিতে এক শীর্ষ সরকারি কর্মকর্তার কথায়, “মনে রাখতে হবে বাংলাদেশে আগামী নির্বাচনের আগে এটাই শেষবারের মতো প্রধানমন্ত্রীর ভারতে আসা। ফলে ভারত শেখ হাসিনাকে কিছুতেই খালি হাতে ফেরাবে না। আর পরিস্থিতি যদি সেরকমই হতো, তাহলে কিন্তু এই সফরটাই হতো না।”
এই সফরকে ফলপ্রসূ করে তুলতে ভারত ও বাংলাদেশ; দুইপক্ষেই জোর কূটনৈতিক তৎপরতাও চলছে। এরইমধ্যে দিল্লি পৌঁছে গেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি দল। সফরের নানা লজিস্টিক্যাল খুঁটিনাটি এই মুহূর্তে চূড়ান্ত করছেন তারা।
এবারও দিল্লি সফরের সময় দিল্লির তাজ প্যালেস হোটেলে উঠবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে আজমির শরিফে দরগা জিয়ারত করে তিনি রাজস্থানের রাজধানী জয়পুরের বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
রওনক-জাহান/১৩/ডিএসই
