
শ্রীধরন শ্রীরাম
বিসিবি সভাপতি নাজমুল হাসান শুক্রবার দুপুরে জানিয়েছেন, বাংলাদেশ দলের ‘টেকনিকাল কনসালটেন্ট’ হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ও বিশ্ব ক্রিকেটের পরিচিত কোচ শ্রীধরন শ্রীরাম।
“শ্রীরামকে আমরা শর্ট লিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। আামাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা তার। সে কোচ হিসেবে আসছে না, নিশ্চিতভাবেই প্রধান কোচ হিসেবে আসছে না। সে আসছে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবে সে।”
শ্রীরাম ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে ভারতের পক্ষে ৮টি ওয়ানডে খেলেছেন, সবশেষটি ছিল বাংলাদেশেই। বাঁহাতি এই অলরাউন্ডারের রঞ্জি রেকর্ড অবশ্য দুর্দান্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২.৯৯ গড়ে তার রান ৯ হাজার ৫৩৯, বাঁহাতি স্পিনে উইকেট ৮৫টি।
২০১২ সালে খেলা ছাড়ার পর কোচ হিসেবে দ্রুতই নিজের জায়গা করে নেন বিশ্ব ক্রিকেটে। আইপিএলে বিভিন্ন দলে নানা ভূমিকায় কাজ করেন তিনি। অস্ট্রেলিয়া ‘এ’ দলে কোচ হিসেবে দারুণ কাজ করার পর সেখানকার জাতীয় দলেও সুযোগ পেয়ে যান। ২০১৬ সালে ড্যারেন লিমান অস্ট্রেলিয়ার কোচ হওয়ার পর স্পিন পরামর্শক করা হয় শ্রীরামকে।
বিসিবির সভাপতি জানালেন, “কতগুলো বিবেচনায় তাকে আনা হয়েছে। যেহেতু আইপিএল দলের সঙ্গে কাজ করছে, তার সম্পৃক্ততা আছে। আমরা এমন কাউকে চাচ্ছিলাম, যার ‘হাই গ্রেড’ টি-টোয়েন্টির অভিজ্ঞতা আছে। এটা একটা কারণ।”
“আরেকটা ব্যাপার হলো, অস্ট্রেলিয়াতে এবার বিশ্বকাপ। অস্ট্রেলিয়াতে সে বহুদিন কাজ করেছে। এই দুটি কারণে তাকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে।”
পাপন বলেন “এশিয়া কাপ আছে, সামনে বিশ্বকাপ আছে, এসব আমরা দেখব। তার পর আমরা ভেবে দেখব যে তাকে কি টি-টোয়েন্টিতে পাকাপাকিভাবে রেখে দেব নাকি অন্য কিছু ভাবব। সে নিজে চালিয়ে যেতে চাইবে কিনা, সেটাও তো জানি না।”
আগামী ২৭ অগাস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ অগাস্ট।
রুবায়েত-হোসেন/৩১/ডিএসই
