Thursday, September 3

শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে সরকারকেন্দ্রিক সম্পর্ক ছিল : স্পীকার

জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী- ছবি: জাতীয় সংসদ

সংসদ : ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পরিবর্তিত হয়ে সবসময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে।

তিনি বলেন, বিগত ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের পথযাত্রা সুগম হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে শুধু সরকারকেন্দ্রিক সম্পর্ক ছিল।

স্পীকার বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত-বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে যাবে।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মানে ভারত সরকার আগ্রহী। জনগণের সাথে জনগণের সম্পর্ক বিনির্মাণের মাধ্যমে জনগণের আকাঙ্খা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

সাক্ষাতে তারা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারে সংসদীয় প্রতিনিধিদলের সফর, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে মত বিনিময় করেন।

হাইকমিশনার এসময় ভারতের লোকসভার স্পীকারের পক্ষ থেকে স্পীকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান। তিনি ভারত-বাংলাদেশের মধ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রেজা-০২/ডিএসই-৯