
প্রতিবন্ধিতা নিয়ে জনসচেতনতা সৃষ্টির অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী – রিপন দাস
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ভোলায় ছাত্রদল নেতা নিহতের ঘটনার সমালোচনা করে বলেছেন, ‘আজকে দেশের সমস্যা কোনো ব্যক্তি না, মূল প্রতিবন্ধী রাষ্ট্র। আমাদের রাষ্ট্র প্রতিবন্ধী হয়ে গেছে। আজকে সরকার প্রধান বলছেন, আপনারা আন্দোলন করেন, আন্দোলন শেষে আপনারা আসেন; আমি আপনাদের চা খাওয়াবো। সেখানে আন্দোলনে নামতেই পুলিশ গুলি করে দিলো ! এধরনের সিদ্ধান্ত কখনো কোনো সুস্থ লোকের হতে পারে ?
বুধবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিবন্ধিতা নিয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এইচ. আর. এ ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্রের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সঙ্গে ৩৯ স্বেচ্ছাসেবী ও সংগঠনকে পুরস্কৃত দেওয়া হয়।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘আজকে প্রতিবন্ধিতা উনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) চারপাশে যারা আছে তাদের। ওরা এমনভাবে ঘিরে ধরেছে যে তারা ম্যাজিস্ট্রেটের হুকুম ছাড়া গুলি করার নিয়ম থাকলেও পুলিশ নিজেই গুলি করে দিয়েছে। আমরা আজকে রাষ্ট্রের এমন প্রতিবন্ধিতার মাঝে আছি।’
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব আছে। কিন্তু আমাদের রাষ্ট্র তো ফ্যাসিষ্ট রাষ্ট্র। রাষ্ট্র তো নিজেই প্রতিবন্ধী। এখানে যারা শারীরিক প্রতিবন্ধী আছেন আপনারা না। আজকে রাষ্ট্র আমাকে প্রতিবন্ধী করে রাখতে চায় । আমার আওয়াজ বন্ধ করে রাখতে চায়।‘
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ভাস্ক সংকর ধর, লন্ডন প্রবাসী শেখ মফিজুর রহমান।
দীপঙ্কর-২/০১/ডিএসই
