
ঢাকা : মঙ্গলবার (১১ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে গত জুলাইয়ে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ পণ্যের মধ্যে ছিল বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, সোনা, পোশাক, প্রসাধনী ও বিভিন্ন পণ্য।
তিনি জানান, জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম সোনা, ২১৬ পিস ডায়মন্ডের নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক এবং ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিকস সামগ্রী।
এছাড়া ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬ পিস আতশবাজি, ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা, ৬২৪টি মোবাইল ফোন, ৪ হাজার ৩৬০টি মোবাইল ডিসপ্লে ও ৩৬ হাজার ১৭০টি মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
অভিযানে ৪৭ হাজার ৭৭৬ কেজি জিরা, ৪২ হাজার ৯৩১ কেজি রসুন, ১৩ হাজার ৩২৯ কেজি চিনি, ১২ হাজার ৪৮৬ কেজি সার, ৬ লাখ ৯৪ হাজার ১৭টি বিভিন্ন ধরনের ওষুধসহ আরও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়।
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ হয়েছে। এর মধ্যে রয়েছে ২১ লাখ ১০ হাজার ২৫৮ পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬৩৯ দশমিক ৫ লিটার বাংলা মদ, ৭৫৪ ক্যান বিয়ার ও ১ হাজার ৮০৬ কেজি গাঁজা।
এছাড়া ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১৬ হাজার ৫৮০ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে।
অভিযানে ৯টি দেশি-বিদেশি পিস্তল, একটি রাইফেল, পাঁচটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গোলাবারুদ ও সাতটি অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
চোরাচালানে ব্যবহৃত ১২টি ট্রাক/কাভার্ডভ্যান, আটটি পিকআপভ্যান, তিনটি প্রাইভেটকার, ছয়টি ট্রলি, ৫৫টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল/ভ্যান এবং ১২৭টি নৌযান জব্দ করেছে বিজিবি।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯১ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশি, তিনজন ভারতীয় ও ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডেস্ক-রিপোর্ট/ডিএসই-৮
