
জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, চার দিনের সফরে রোববার (১৪ আগস্ট) বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট। দেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে তার এই সফর।
বার্তায় বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট সরকারের আমন্ত্রণে রোববার থেকে বাংলাদেশে সরকারি সফর করবেন। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম কোনো সরকারি সফর।
ঢাকা সফরকালে হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। তিনি জাতীয় মানবাধিকার কমিশন, সুশীল সমাজ সংস্থার প্রতিনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গেও দেখা করবেন। একটি অনুষ্ঠানেও বক্তব্য দেবেন তিনি। এছাড়া, যাবেন কক্সবাজারেও।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং এর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এ সফরকে অত্যন্ত গুরুত্ব দেবে।
সবুজ-আলম/১৭/ডিএসই
