Monday, November 2

চসিকের মেয়রের নিরাপত্তায় ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী বগা

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্রাগ্রাম : ২৩ মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, কিশোর গ্যাং নেতা ও নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগাকে আটকে পুলিশকে বাধা দেয় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার রাতে বগাকে গ্রেফতার করতে নগর ভবনে গেলে বাধার মুখে পড়ে পুলিশ। এ সময় ঘটনাস্থলে যাওয়া দুই সাংবাদিককে মেয়রের অনুসারীরা হেনস্তা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগা নগর ভবনে অবস্থান করছেন-এমন খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল রাত ৮টার দিকে সেখানে যায়। নগর ভবন থেকে বের হলেই তাকে গ্রেফতারের প্রস্তুতি নেয় পুলিশ। পুলিশের উপস্থিতির খবর পেয়ে মেয়রের কার্যালয়ে অবস্থান করা বগা আর বের হননি।

একপর্যায়ে অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন ভেতরে গেলে মেয়র তাকে পুলিশ সদস্যদের নিয়ে চলে যেতে বলেন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর রাত ৯টার দিকে বগাকে গ্রেফতার না করেই নগর ভবন ত্যাগ করে পুলিশ।

কিছুক্ষন পর বের হয়ে গাড়িতে ওঠার আগে মেয়র বলেন, ‘আপনারা এখানে কী জন্য এসেছেন? সিটি করপোরেশনে একশ’ মানুষ আসবে। আপনারা চলে যান।’

সিএমপির উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন এবং খুলশী থানার ওসি আব্দুর রহিম কল রিসিভ করেননি।

এর আগে ৪ সেপ্টেম্বর ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় এলাকায় বগাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। তখন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে বাসার গোপন পথ দিয়ে সে পালিয়ে যায়। এক সপ্তাহ আগে বগার প্রতিপক্ষ গ্রুপের এক সদস্য নিহত হয়।

হামিম-০৬/ডিএসই-১০