
সংসদ : রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ আরও ১০টি স্থায়ী কমিটি গঠন করেছে এবং একটি কমিটি পুনর্গঠন করেছে।
লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেনকে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তিনি গয়েশ্বর চন্দ্র রায়ের স্থলাভিষিক্ত হয়েছেন।
প্রধান হুইপ নুরুল ইসলাম মনি পৃথকভাবে কমিটিগুলো গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদন করা হয়।
জাতীয় সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি সংসদ-সম্পর্কিত কমিটি। এ পর্যন্ত মোট ৩৬টি কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে ৩০টি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি।
মন্ত্রণালয়-সম্পর্কিত নয় – এমন ছয়টি কমিটির মধ্যে এখন পর্যন্ত শুধু সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার গঠিত ১০টি কমিটির মধ্যে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে আবদুস সালাম পিন্টুকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির চেয়ারম্যান করা হয়েছে আবুল খায়ের ভূঁইয়াকে।
মুন্সী রফিকুল আলমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির চেয়ারম্যান এবং এ কে এম সেলিম রেজা হাবিবকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হয়েছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির চেয়ারম্যান করা হয়েছে জয়নুল আবদিন ফারুককে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির চেয়ারম্যান করা হয়েছে খায়রুল কবির খোকনকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির চেয়ারপারসন হয়েছেন মাহমুদা হাবিবা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির চেয়ারম্যান করা হয়েছে বরকত উল্লাহ বুলুকে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির চেয়ারম্যান করা হয়েছে আবদুল ওয়াদুদ ভূঁইয়াকে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠনের তালিকায় ছিল। তবে প্রধান হুইপ মনি স্পিকারকে জানিয়েছেন, এই কমিটি পরবর্তীতে গঠন করা হবে।
কানিজ-০৭/ডিএসই-৯
