Wednesday, July 29

অনেক দয়া দেখানো হয়েছে, আর দয়া দেখানো সম্ভব নয় – প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস স্মরণে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে বিএনপির আহ্লাদের শেষ নেই।

প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) নিজেদের স্বার্থে আন্দোলন করেন। খালেদা জিয়া অসুস্থ, বিদেশে পাঠাও। আহ্লাদের আর শেষ নেই। এতিমের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামি। কিন্তু সে বয়োজ্যেষ্ঠ, অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না। তাই আমি আমার ক্ষমতাবলে তাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছি। এখন তিনি সাজুগুজু করে হাসপাতালে যান। আবার ডাক্তাররা রিপোর্ট দেন, তার অবস্থা খারাপ। লিভার পচে গেছে। কী খেলে লিভার পচে, সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না, সবাই জানে।

শেখ হাসিনা বলেন, আমার কাছে কোন মুখে চায়? বার বার আমাকে হত্যার চেষ্টা করেছে। আমার নেতাকর্মীদের হত্যা করেছে। তারপরও আমি তো তার ছেলে কোকো মারা যাওয়ার পর গিয়েছিলাম সান্ত্বনা দিতে। মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। তারপরও তার প্রতি অনেক দয়া দেখানো হয়েছে। আর দয়া দেখানো সম্ভব নয়।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না, হতে পারে না। শ্রীলঙ্কা যদি হয়, সেটা বিএনপির আমলে হয়েই গেছে। বিদ্যুৎ-পানির সংকট এবং সন্ত্রাস ও দুর্নীতিতে নিমজ্জিত ছিল তখনকার বাংলাদেশ। তখন মানুষ রাস্তায় নেমে এসেছিল।

তিনি বলেন, দেশে-বিদেশে অনেকে বিরুদ্ধাচরণ করছে। তারা কারা? যুদ্ধাপরাধী ও তাদের সন্তান, ’৭৫ এর খুনি ও তাদের সন্তান বা স্বজন এবং কিছু অপরাধী, যারা অপরাধ করে বিদেশ পাড়ি দিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন রুহুল, সাদেক খান, আব্দুল কাদের খান, শহীদ সেরনিয়াবাত প্রমুখ।

সাব্বির/২৪/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *