
মঙ্গলবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা সরকারের নিন্দা জানিয়ে বলেন, সরকার ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রল, অকটেনের দাম ৪২ থেকে ৫১ শতাংশ বাড়িয়ে জনগণের তীব্র বিক্ষোভের মুখে মাত্র পাঁচ টাকা সমন্বয় করার ঘোষণা দিয়েছে। সরকারের এ ধরনের তামাশা, প্রতারণা জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝার চাইতেও নির্মম আঘাত।
বাসদের এ নেতা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে এরই মধ্যে বাসভাড়াসহ সবকিছুর দাম বেড়েছে। লিটারে পাঁচ টাকা কমানোর ফলে বাসভাড়া, দ্রব্যমূল্যসহ সব প্রকার বর্ধিত মূল্য কতখানি কমবে সে সম্পর্কে সরকারের কোনো ঘোষণা নেই। এতে গুটিকয়েক ব্যবসায়ী ছাড়া সাধারণ মানুষের কোনো লাভ হবে না। সরকার আজ জনগণের আন্দোলনের চাপে নিজেকে রক্ষা করতে পাঁচ টাকা দাম কমানোর তামাশার নাটক হাজির করেছে।
বিবৃতিতে মাসুদ রানা আরও বলেন, জনগণ এ সিদ্ধান্ত মানে না। অবিলম্বে জ্বালানি তেলের মূল্যসহ বর্ধিত সব পণ্যের মূল্য প্রত্যাহার করতে হবে।
রাশেদুল-হক/১১/ডিএসই
