Monday, November 9

মঙ্গলবার প্রধানমন্ত্রী তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ।

আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেখানে ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে তিনি বক্তব্য রাখবেন।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও একটি বৈঠকের সম্ভাবনা নিয়ে কাজ চলছে।

সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ‘আশা করছি এই কর্মসূচিগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ এগিয়ে নেয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে।’

কানিজ-০৯/ডিএসই-১১