Monday, November 9

কোকোলা ফুডের ১২০ কোটি টাকা ভ্যাট ফাঁকি

সহযোগী পাঁচ প্রতিষ্ঠানের ৬৪৬ কোটি টাকার বিক্রির তথ্য গোপনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি : কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ১২০ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সহযোগী প্রতিষ্ঠানের প্রায় ৬৪৬ কোটি টাকার বিক্রির তথ্য গোপনের তথ্য পাওয়া গেছে। ভ্যাট গোয়েন্দা ও তদন্ত-সংশ্লিষ্ট অনুসন্ধানে এসব আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে।

মূসক নিরীক্ষা , গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিক্রয়, ভ্যাট পরিশোধ ও আর্থিক হিসাব পর্যালোচনায় ব্যাপক অসংগতি পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের প্রকৃত বিক্রির তথ্য গোপন করে ভ্যাট ফাঁকির ঘটনা ঘটানো হয়েছে।

অনুসন্ধানে সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠান হিসেবে ইউনিক ট্রেডার্স, এনএস করপোরেশন, মেসার্স বিসমিল্লাহ ট্রেডিং, মেসার্স সুজানী করপোরেশন এবং মেসার্স মিনা ফিশারিজ অ্যান্ড ডেইরির নাম উঠে এসেছে।

গাজীপুর ভ্যাট কমিশনারকে রাজস্ব বোর্ডের পাঠানো এক পত্রের সূত্রে জানা যায় , পাঁচটি প্রতিষ্ঠানের গোপন করা বিক্রির পরিমাণ প্রায় ৬৯০ কোটি টাকা এবং সংশ্লিষ্ট ভ্যাট ফাঁকির পরিমাণ প্রায় ১২০ কোটি টাকা।

পাঁচ বছরে কোটি কোটি টাকার অনিয়ম

রাজস্ব বোর্ড সূত্র জানিয়েছে, ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরের আর্থিক কার্যক্রম পর্যালোচনায় এসব অনিয়মের তথ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানগুলোর বিক্রির হিসাব, ভ্যাট রিটার্ন এবং জমা দেওয়া আর্থিক তথ্যের মধ্যে অসংগতি চিহ্নিত করা হয়েছে।

বিশেষ করে প্রকৃত বিক্রির পরিমাণ গোপন করে কম বিক্রি দেখানো এবং সেই অনুযায়ী কম ভ্যাট পরিশোধের অভিযোগ উঠেছে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট অনুসন্ধানে ধারণা পাওয়া গেছে।

সহযোগী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন

কোকোলা ফুডের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির তথ্য গোপন, ভ্যাট হিসাবের অসংগতি এবং যথাযথভাবে রিটার্ন দাখিল না করার অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কোনো কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক ঠিকানা, ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাবের তথ্য নিয়েও অসংগতি পাওয়া গেছে। ফলে প্রতিষ্ঠানগুলোর প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

রাজস্ব আদায়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা

বিশেষজ্ঞদের মতে, বড় প্রতিষ্ঠানের পাশাপাশি তাদের সহযোগী ও সরবরাহকারী প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন যথাযথভাবে যাচাই না হলে রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি হয়। বিশেষ করে প্রকৃত বিক্রির তথ্য গোপন করে ভ্যাট রিটার্ন দাখিল করা হলে সরকারের রাজস্ব আদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কোকোলা ফুড ও সংশ্লিষ্ট পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত, গোপন করা বিক্রির প্রকৃত পরিমাণ নির্ধারণ এবং বকেয়া ভ্যাট আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের আর্থিক হিসাব, ব্যাংক লেনদেন ও ভ্যাট রিটার্নের তথ্য যাচাই করে দায়ীদের বিরুদ্ধে কঠোর  আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

বিশেষ প্রতিনিধি-০৯/ডিএসই-১১