
ঢাকা : আজ (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি করবে এবং তাদের দুর্ভোগ আরও বাড়াবে।
তিনি আরো বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের দাম বাড়বে এবং শেষ পর্যন্ত এর বোঝা সাধারণ জনগণকেই বহন করতে হবে।
গোলাম পরওয়ার বলেন,‘আন্তর্জাতিক বাজারে অস্থিরতার দায় সরাসরি জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই জনকল্যাণমূলক নীতি হতে পারে না,’।
তিনি বলেন, ‘জনগণের দুর্ভোগ লাঘব করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের পরিবর্তে বারবার মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়,’।
হামিম-২১/ডিএসই-৯
