
ঢাকা : ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর মহাসচিব অ্যান্ডা ফিলিপ তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দলসহ আজ(সোমবার) ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।
জাদুঘরে পৌঁছালে জাদুঘরের মহাপরিচালক আইপিইউ মহাসচিব ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান। পরে তাঁরা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থান এর বিভিন্ন পর্যায়ের ঘটনাপ্রবাহ নিয়ে সংরক্ষিত আলোকচিত্র, দলিল-দস্তাবেজ, স্মৃতিচিহ্ন, তথ্যচিত্র ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন তাঁরা গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করেন। তাঁরা ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও রাজনৈতিক নিপীড়ন, বিরোধী মত দমন, জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর পটভূমি, ঘটনাপ্রবাহ এবং আন্দোলনে ছাত্র-জনতা ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
পরিদর্শন শেষে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে জাতীয় সংসদের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, মানসুরা আক্তার ও ডা. সানসিলা জেবরিন, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।
কানিজ-৩১/ডিএসই-৮
