
ঢাকা : বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয় এলাকা গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখর হয়ে উঠে।
দুপুর ১টার দিকে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ এগারো দলীয় ঐক্যজোটের পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং স্লোগান দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
সচিবালয়ের সামনে জামায়াত আমির বলেন, “যদি আমাদের এই মিছিল থামাতে চান, তাহলে ভেতর থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা তার প্রতিনিধিকে এখানে আসতে হবে। আমরা জনগণের পক্ষ থেকে দাবিগুলো তাদের হাতে তুলে দিতে চাই।”
তিনি বলেন, “তারা যদি জনগণের দাবি বাস্তবায়নে সফল হন, আমরা তাদের ধন্যবাদ দেবো। কিন্তু ব্যর্থ হলে আমরা বসে থাকবো না। ব্যর্থ হলে আমাদের আন্দোলনের পর আন্দোলন, কর্মসূচির পর কর্মসূচি চলতেই থাকবে।”
এসময় নাহিদ ইসলাম স্লোগান দেন ‘গ্যাস দে, বিদ্যুৎ দে’ – উপস্থিত ঐক্যজোটের নেতাকর্মীরা সমস্বরে বলেন, ‘নইলে গদি ছাইড়া দে’।
তানজিম-৬/ডিএসই-৮
