Wednesday, July 29

রূপরেখা বিএনপির স্ট্যান্ডবাজি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (সংগৃহিত)

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ২৭টি প্রস্তাব নিয়ে কথিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ উপস্থাপন বিএনপির স্ট্যান্ডবাজি।

আওয়ামী লীগ নেতা বলেন, যারা রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তারা কীভাবে সেটি মেরামত করবে। গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের মূল্যবোধ তো বিএনপিই ধ্বংস করেছে। তাদের হাতে রক্তের দাগ, আবার তারাই খুনিদের পুরস্কৃত করেছে।

ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট থেকে ৩ নভেম্বর তারা খুনের রাজনীতি শুরু করে। ২১ আগস্ট পর্যন্ত আমাদের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আহসান উল্লাহ মাস্টার, শাহ কিবরিয়া, খুলনার মুঞ্জুরুল ইমাম, যশোরের শামসুর রহমান, সাংবাদিকরাও তাদের হাত থেকে রক্ষা পায়নি। তাদের হাতে তো রক্তের দাগ। কাজেই যারা ধ্বংস করে, তারা মেরামত করবে কীভাবে? এটা নতুন কিছু নয়, এটা তাদের স্ট্যান্টবাজি। এতে তাদের আন্দোলন জমবে না। মানুষ বিভ্রান্তও হবে না।

আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, এটা খুব হাস্যকর, তারা যে রাষ্ট্রকে মেরামত করতে চায়, সে রাষ্ট্র আজ বিশ্বের বিস্ময়। তারা বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল; সে বাংলাদেশ শেখ হাসিনা নিজ পদক্ষেপে মেরামত করেছেন। আমাদের লক্ষ্য এখন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়া।

রুমা-দাস/১৭/ডিএসই