Wednesday, July 29

পু‌লি‌শের ছত্রছায়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের বিএন‌পির‌ কেন্দ্রীয় কার্যালয়ে লুটপাট

বিএন‌পির‌ কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর

রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হো‌সেন বলেছেন, পু‌লি‌শের ছত্রছায়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ৭ ডি‌সেম্বর বিএন‌পির‌ কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এতে ৫১ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে দাবি ক‌রে‌ছেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে সরকারের নির্দেশে বিভিন্ন বাহিনীর যে নির্মম নিষ্ঠুরতা ও বর্বর আচরণ করেছে, দেশবাসী তা প্রত্যক্ষ করেছে। কেন্দ্রীয় কার্যালয় থেকে ল্যাপটপ, কম্পিউটার, হার্ডডিস্ক, নথিপত্র, ব্যাংকের কাগজপত্র, নগদ অর্থ লুট করা প্রকৃতপক্ষে ডাকাতি। এ ঘটনা শুধু বিজয়ের মাসকে কলঙ্কিত করেনি, গণতন্ত্র হত্যাকারী ও বারবার গণতন্ত্র হত্যায় সহায়তাকারী ক্ষমতাসীন অবৈধ সরকারের অগণতান্ত্রিক, কর্তৃত্ববাদী ও গণবিরোধী পরিচয় উৎকটভাবে পুনরায় প্রকাশ করেছে।’

তিনি বলেন, ‘ওই দিন পুলিশি হামলার পর পুলিশের ছত্রছায়ায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বিভিন্ন কক্ষ ভাঙচুর ও মালামাল লুটে অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন। এতে নগদ অর্থসহ ক্ষতি ও লুট হওয়া সম্পদের পরিমাণ আনুমানিক ৫০ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।’

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন।

রশিদুল-ইসলাম/২১/ডিএসই