Wednesday, July 29

একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনিদের বিরুদ্ধে খেলা হবে

রাজধানীতে বিজয় শোভাযাত্রা শুরুর আগে

বিএনপি-জামায়াত অরাজকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, অভিযোগ করে আওয়ামী লীগের নেতারা দল দুটিকে রাজপথে মোকাবিলার অঙ্গীকার করেছেন। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তারা।

বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন প্রাঙ্গণে বিজয় শোভাযাত্রা শুরুর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘খুনিদের বিরুদ্ধে খেলা হবে। একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনিদের বিরুদ্ধে খেলা হবে। খুনিদের আমরা পরাজিত করব। সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে হবে। খেলা হবে, খেলা হবে। প্রস্তুত হয়ে যান।’

দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ মানুষ অন্নের নিশ্চয়তা পেয়েছে, বস্ত্রের নিশ্চয়তা পেয়েছে। তারা বাসস্থান পেয়েছে। শিক্ষা-চিকিৎসা পাচ্ছে। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে পরাজিত করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, উল্লেখ করে সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘পৃথিবীর কোনো শক্তি নেই, আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করবে। নির্বাচনে যদি জনগণ ভোট না দেয়, আমরা সালাম দিয়ে চলে যাব। আজকে আমরা শপথ নিচ্ছি, ইনশাআল্লাহ, তোমাদের শিকড় আমরা উপড়ে ফেলব।’

রাজিবুল-আলম/২৭/ডিএসই