Wednesday, July 29

দুদকে অবশ্যই ক্যাডার সার্ভিসের মাধ্যমে নিয়োগ হওয়া উচিত – হাইকোর্ট

হাইকোর্ট

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের তালিকায় ১ থেকে ২৫ নম্বরে থাকা (উচ্চ পর্যায়ের ব্যক্তি) সরকারি কর্মচারী-কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ থাকলে দুদককে তা আগে অনুসন্ধান এবং তদন্ত করতে বলেছেন আদালত।

৫ হাজার টাকার ঘুষ গ্রহণের  মামলায় তিতাস গ্যাস কোম্পানির টেকনিশিয়ান আব্দুর রহিমকে দেওয়া সাজার রায় বাতিল করে বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ গত বুধবার (১৪ ডিসেম্বর) এক রায়ে পাঁচ হাজার টাকার অতি সাধারণ দুর্নীতির পেছনে জনগণের লাখ লাখ টাকা ব্যয় না করে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

আদালত বলেন, যেখানে পত্র পত্রিকা এবং ইলেকট্রনিক মাধ্যমে আমরা দেখি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে সুতরাং দুর্নীতি দমন কমিশনকে এই মর্মে নির্দেশনা দেওয়া যাচ্ছে যে, আজ থেকে দুর্নীতি দমন কমিশন শুধুমাত্র ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ এর ১ থেকে ২৫ পর্যন্ত সরকারি কর্মচারী কর্মকর্তাদের বিরুদ্ধে আগে শুধুমাত্র অনুসন্ধান এবং তদন্ত করবেন।  এরপর ব্যাংক পরিচালক, ব্যাংকের মালিক, ব্যাংকের এমডি, ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যাংকের সিইও এদের বিরুদ্ধে অভিযোগ এবং অনুসন্ধান এবং বড় আন্তর্জাতিক ক্রয় আদেশসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ হাজার হাজার কোটি টাকা যেখানে সম্পৃক্ত সেসব মামলা মোকদ্দমায় প্রথম বিবেচনায় আজকে থেকে দুদক তদন্ত করবে। এছাড়া ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ এর ১ থেকে সর্বশেষ এবং উপরে নির্দেশিত ব্যাংক পরিচালকদের বিরুদ্ধে দুর্নীতি পাওয়া না গেলে সেক্ষেত্রে দুদক এই ধরনের লোকের (ক্ষুদ্র কর্মচারী) বিরুদ্ধে মামলা মোকদ্দমা অনুসন্ধান গ্রহণ এবং দায়ের করবে। উপরের নির্দেশনা দুদক এখন থেকে অনুসরণ করতে হবে।

তাছাড়া সরকারকে পরামর্শ দিয়ে হাইকোর্ট বলেছেন, দুর্নীতি দমন কমিশনের মতো জাতীয় গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে অবশ্যই ক্যাডার সার্ভিসের মাধ্যমে নিয়োগ হওয়া উচিত। সরকারকে দ্রুততম সময়ে বিচার বিভাগে যে প্রক্রিয়ায় বিচারক নিয়োগ হয় সে প্রক্রিয়ায় দুদকের সব অফিসার নিয়োগ প্রদানের মাধ্যমে একটি নিয়মতান্ত্রিক ক্যাডার সার্ভিসে পরিণত করার পরামর্শ দিয়েছেন আদালত।

আক্তার-হোসেন/০২/ডিএসই