Wednesday, July 29

বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার (৩০ নভেম্বর) তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের একটি নীতি রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়। যেকোনো বিষয়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় বাংলাদেশ।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রণয় ভার্মা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশকে ভারতের ‘খুব ভালো বন্ধু’ উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, এই অঞ্চলে সন্ত্রাস দমনে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি।

এ লক্ষে তিনি উল্লেখ করেন, সন্ত্রাসের কোনো ধর্ম ও সীমানা নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না এবং বাংলাদেশের মাটিকে কখনোই এই উদ্দেশে ব্যবহার করতে দেয় না।

রাজিব/২০/ডিএসই