
জনতা ব্যাংক লিমিটেড
খেলাপি ঋণে শীর্ষ দশে থাকা জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স, ক্রিসেন্ট, নূরজাহানসহ অন্যান্য গ্রুপ মিলে হাতিয়ে নিয়েছে ১১ হাজার কোটি টাকার বেশি। বর্তমানে ব্যাংকটির মোট ঋণের মধ্যে খেলাপি হয়েছে ২৭ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ গত এক বছরে জনতা ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৫০২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে ব্যাংকটিতে চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার ৩৩৩ কোটি টাকা।
অন্যদিকে রাষ্ট্রিয় অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৪ হাজার ৩১৫ কোটি টাকা। আর রূপালী ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৮৯২ কোটি টাকা।
কেন্দ্রিয় ব্যাংকের তথ্য মতে, পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) খেলাপি ঋণের হার প্রায় ৬৭ শতাংশ। ব্যাংকটির বিতরণ করা ৫ হাজার ৮৪৩ কোটি টাকার মধ্যে ৩ হাজার ৮৪০ কোটি টাকাই খেলাপি। উল্লেখ্য যে পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদে রাষ্ট্রিয় সোনালী, জনতা ও অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকগণ রয়েছেন।
খেলাপি ঋণের শীর্ষে থাকা বেসিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৭ হাজার ৯৫৯ কোটি টাকা বা ৫৮ দশমিক ৬২ শতাংশ। এই ব্যাংকটি থেকে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা লোপাট করা হয়।
প্রসঙ্গত, দেশের ব্যাংক খাতে গত একযুগ ধরে বড় বড় ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, হলমার্ক, বিসমিল্লাহ, অ্যাননটেক্স, ক্রিসেন্ট, এসএ গ্রুপ, নূরজাহান, অলটেক্স, সানমুন গ্রুপ ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি। এসব ঘটনায় সুদসহ ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর পুরোটাই এখন খেলাপি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৬ হাজার কোটি টাকা। এরমধ্যে খেলাপি হয়েছে মোট ঋণের ৯ দশমিক ৩৬ শতাংশ। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৬০ হাজার ৫০২ কোটি টাকা। বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ ৬৬ হাজার ৬৯৫ কোটি টাকা। বিদেশি ব্যাংকের ২ হাজার ৯৭০ কোটি ও বিশেষায়িত ব্যাংকে খেলাপি রয়েছে ৪ হাজার ২৭৭ কোটি টাকা।
সম্প্রতি বাংলাদেশ সফরকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের প্রতিনিধি দল উচ্চ খেলাপি ঋণ ব্যাংক খাতে মারাত্মক ঝুঁকি তৈরি করছে উল্লেখ করে তা কমানোর উদ্যোগ ও পরিকল্পনা জানতে চেয়েছে।
আশরাফুল-করিম/৩৪/ডিএসই
