Wednesday, July 29

অনেক সমালোচনা শুনতে হয়, কষ্ট লাগে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শনিবার (১৯ নভেম্বর) গণভবনে দলের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে রিজার্ভ নিয়ে সমালোচকদের জবাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার রিজার্ভ রেকর্ড পরিমাণ বাড়িয়েছে এবং পর্যাপ্ত রিজার্ভ হাতে রেখেই সব কাজ করছে।

তিনি বলেন, রিজার্ভ নিয়ে তো খুব আলোচনা, আমরা কী করেছি? আমাদের জ্বালানি তেল কিনতে হয়েছে। তেল, গম, ভুট্টা, খাদ্যশস্য কিনেছি। করোনার টিকা স্পেশাল বিমান পাঠিয়ে কিনে এনেছি। চিকিৎসায় হাসপাতাল ডেডিকেটেড করেছি। বিনা পয়সায় চিকিৎসা নিশ্চিত করেছি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারা রিজার্ভ রেখে গিয়েছিল মাত্র দুই দশমিক নয় বিলিয়ন ইউএস ডলার, যেটা তিন মাসের খাবার বা আমদানি করার পয়সা হতো না। সে অবস্থা আমরা ক্ষমতায় এসে (১৯৯৬) রিজার্ভ বাড়িয়েছি। ২০০৮-এ যখন আসি তখন পাঁচ বিলিয়নের বেশি ছিল না, সেখান থেকেও ৪৮ বিলিয়ন পর্যন্ত তুলতে সক্ষম হয়েছিলাম। তাছাড়া আমাদের যে লোন, আমরা কখনো ঋণখেলাপি হবো না। তিন মাসের আমদানি খরচ হাতে রেখেই আমরা অন্য কাজ করেছি।

করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সংকট দেখা দেওয়ায় সারাবিশ্বই জ্বালানি সাশ্রয় করছে উল্লেখ করে তিনি বলেন, আমরাও করেছি। হয়তো একটু কষ্ট হয়েছে। আগামী মাস থেকে হয়তো এই কষ্ট আর থাকবে না।

তারপরও আমি বলবো, তেল পানি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সাশ্রয়ী হতে হবে। মিতব্যয়ী হতে হবে। কারণ সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, তার প্রভাব থেকে আমরা কিন্তু মুক্ত না। এজন্য যে যার জমিটুকু কাজে লাগান। ছাদ বাগানসহ নানাভাবে উৎপাদন করেন। নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারলে ওই দুর্ভিক্ষের আঁচ বাংলাদেশে লাগবে না, বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ৫০ লাখ মানুষকে বিনা পয়সায় চাল দিচ্ছি। নিম্নআয়ের মানুষকে ১৫ টাকায় দিচ্ছি। আর এক কোটি মানুষকে বিশেষ কার্ড (ফ্যামিলি কার্ড) করে দিয়েছি। ভর্তুকি মূল্যে তারা চাল, ডাল, তেল, চিনি কিনতে পারছে। গৃহহীনদের ঘর করে দিয়েছি, আরও দেবো। আমাদের টার্গেট এ দেশে একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না। উপকূল ও বন্যা দুর্গত এলাকার জন্যও বিশেষ ঘর করে দিচ্ছি। বিনা পয়সায় বই দিচ্ছি। বৃত্তি দিচ্ছি। কৃষকদের কৃষি উপকরণ দিচ্ছি। করোনায় শ্রমিকদের প্রণোদনা দিয়েছি। কোনো শ্রেণি পেশার মানুষও বাদ যাননি, সবাইকে নগদ অর্থ সহায়তা করেছি।

উপদেষ্টাদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, অনেক কথা বলে ফেললাম। নানা সমালোচনা শুনতে হয় তো। এত কষ্ট করে দিনরাত এত পরিশ্রম করে বাংলাদেশকে এই অবস্থানে নিয়ে আসছি। বাইরের লোকেরা দেখে, আমাদের দেশের লোকেরা দেখে না। তারপরও অনেক সমালোচনা শুনতে হয়, কষ্ট লাগে।

সুমন/২৯/ডিএসই